চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ কাল
মেডিভয়েস ডেস্ক: দুই ডোজ টিকা গ্রহণের পর ছয় মাস অথবা এক বছর হয়েছে—এমন ব্যক্তিরা প্রথমে করোনা টিকার বুস্টার ডোজ পাবেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে ফাইজারের টিকা।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক জানান, রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে কাল রোববার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারির ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়তে থাকবে।
টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে জাহিদ মালেক জানান, বর্তমানে দেশে ফাইজারের দুই কোটি ডোজ টিকা রয়েছে। সামনের মাসে আরও দুই কোটি টিকা আসবে। পর্যায়ক্রমে আরও তিন কোটি টিকা পাওয়া যাবে।
জাহিদ মালেক আরও জানান, দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হয়েছে।
অমিক্রন নিয়ে জাহিদ মালেক জানান, সারা বিশ্বে এখন করোনার অমিক্রন ধরন ছড়াচ্ছে। অমিক্রন থেকে রেহাই পেতে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জাহিদ মালেক জানান, টিকা নিলে প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় বলে সবাইকে টিকা নিতে হবে, মাস্ক পরতে হবে। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
-
৩০ মে, ২০২৩
-
০৬ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
২০ ডিসেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
২৮ সেপ্টেম্বর, ২০২২
-
২৬ সেপ্টেম্বর, ২০২২
-
০৭ অগাস্ট, ২০২২
-
২৬ জুলাই, ২০২২