সাধারণ জরুরি বিভাগ উদ্বোধন
জরুরি বিভাগে অস্ত্রোপচারসহ সকল সেবা পাবেন রোগীরা: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে বিএসএমএমইউতে সকল বিভাগের রোগীরা উন্নত জরুরি চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বিএসএমএমইউর কেবিন ব্লকে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগের জরুরি রোগীরা এখানে চিকিৎসা পাবেন। হাসপাতালে আগত সকল ধরনের রোগীকে সেবা দেওয়ার জন্য মোট ১০০টি বেড প্রস্তুত রয়েছে। তবে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো সেবা দেবো না। অর্থাৎ ঢাকা মেডিকেলে যত রোগী আসে তাদের সকলকেই ভর্তি নেয়, আমরা তা করবো না। আমাদের এখানে যত বেড আছে ততো রোগী সেবা পাবেন। জরুরি বিভাগে ভর্তি রোগীদের প্রয়োজনবোধে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।’
হাসপাতালে জরুরি সেবা চালুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরুরি বিভাগের কার্যক্রম শুরু ছিল আমাদের কাছে বহুল আকাঙ্খিত একটি বিষয়। আরও আগেই এটি শুরু হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সম্ভব হয়ে ওঠেনি। দেশের জনগণের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি পূরণ করেছেন।’
বিশেষ সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরে অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘আমাদের প্রায় দুই হাজার চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তারা সকলে রোস্টার পদ্ধতিতে রোগীদের সেবা দেবেন। এখানে চুখ-নাক-গলাসহ জরুরি রোগীকে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করার সুযোগ রয়েছে। এছড়াও আমাদের আলাদা ইনভেস্টিগেশন রুম, জরুরি ল্যাব রয়েছে। একইসঙ্গে জরুরি বিভাগেই সিটিস্ক্যান ও এমআরআইয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এক জায়গাতেই রোগীদের সকল ধরনের সেবা দেওয়া সম্ভব হবে।’
স্ট্রোকের রোগীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্ট্রোকের চিকিৎসার জন্য তিনটি অতিরিক্ত সিটের ব্যবস্থা করেছি। যেন এসব রোগীকে দ্রুত সেবা দেওয়া যায়, কারণ স্ট্রোকের চার থেকে ছয় ঘণ্টার মধ্যে ওষুধ দিলে এসব রোগী সুস্থ হয়ে যায়।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ফিতা কেটে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ।