নম্বর শিট জমার ১০-১৫ দিনের মধ্যেই ঢাবির ফাইনাল প্রফের ফল
মেডিভয়েস রিপোর্ট: নম্বর শিট জমা হওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মেডিভয়েসকে তিনি এ তথ্য জনিয়েছেন।
কবে নাগাদ ফল প্রকাশ হবে জানতে চাইলে ডা. শাহরিয়ার নবী বলেন, ‘ঢাবি প্রশাসনে আমাদের ফলাফল প্রকাশসহ সার্বিক ব্যবস্থাপনায় খুবই সহায়ক ভূমিকা রাখছে। কিন্তু মেডিসিন অনুষদের হাতে এখনও সকল মেডিকেল কলেজের নম্বর শিট জমা না হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারছি না এবং ফলাফলও প্রকাশিত হচ্ছে না। ইতিমধ্যে শতকরা ৯০ ভাগ কলেজ নম্বর শিট জমা দিয়েছে, বাকি ১০ ভাগের জন্য আটকে আছি। আজ কয়েকটি কলেজের নম্বর শিট জমা পড়েছে, আগামী শনিবার হয়তো কিছু জমা পড়বে। সকল নম্বর শিট হাতে আসার ১০ থেকে ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।’
ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘স্বল্প সময়ে নম্বর জমা দেওয়ার জন্য পরীক্ষা চলাকালীন সময়েই সকলের সঙ্গে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি এবং চিঠি দিয়েছি। প্রাথমিকভাবে ১৮ সেপ্টেম্বর ও সর্বশেষ ২৮ সেপ্টেম্বর নম্বর জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হলেও অল্প কয়েকটি কলেজের নম্বর শিট জমা পরেনি। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা ছিল, কিন্তু যথাসময়ে সব কলেজের নম্বরশিট হাতে না পাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।’
গত ২৭ সেপ্টেম্বর ঢাবি প্রশাসন ফলাফল প্রকাশে তাদের পুরাতন চর্চা থেকে সড়ে এসেছে জানিয়ে ডা. শাহরিয়ার নবি বলেছিলেন, ‘প্রফের ফল দিতে আগে তিন থেকে চার মাস লাগত এখন সেটা কমিয়ে আনার চেষ্টা করছি। যদি আমার সম্মনিত শিক্ষকগণ খাতা নিরীক্ষণ শেষে সঠিক উপায়ে ও সময়ে আমাকে ফলাফল প্রদান করতে পারেন তাহলে দ্রুততম সময়েই ফলাফল প্রকাশ করতে পারবো।’
এছাড়া তিনি ডিন হওয়ার পর কোনো পরীক্ষার ফলাফল প্রকাশে এক বা দেড় মাসের বেশি সময় লাগেনি জানিয়ে এবারের চূড়ান্ত প্রফের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না বলে আশা প্রকাশ করেছিলেন ঢাবির মেডিসিন অনুষদের ডিন।
এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পেছানোর পর গত ৮ আগস্ট শুরু হওয়া ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল লিখিত পরীক্ষা শেষ হয়। সকাল আটটায় প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে শুরু হয়ে ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর একটায় শেষ হয়।
সর্বশেষ ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় এমবিবিএস চূড়ান্ত পর্বের এ পরীক্ষা।
-
২৯ মার্চ, ২০২২
-
২৯ মার্চ, ২০২২