০৪ অক্টোবর, ২০২১ ০২:৪২ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে ২৫০ টাকায় কিডনি ডায়ালাইসিস 

আদ্-দ্বীন হাসপাতালে ২৫০ টাকায় কিডনি ডায়ালাইসিস 
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র আড়াইশ’ টাকায় দেওয়া হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা। গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ১৮ শয্যার একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড উদ্বোধন করা হয়। এর পর গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দুই রোগীর ডায়ালাইসিসের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করে আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন আজ সোমবার (৪ অক্টোবর) মেডিভয়েসকে বলেন, যারা অর্থের অভাবে কিডনি ডায়ালাসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা করতে পারছেন না, তাদের জন্য নামমাত্র মূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আড়াইশ’ টাকা কোনো সেবার মূল্য হতে পারে না। এটা মূলত বিনামূল্যেই বলতে হবে। বিশ্বের কোথাও এত কম টাকায় এ চিকিৎসা সম্ভব না। আদ-দ্বীন হাসপাতাল সব সময় গরিব মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে রয়েছে। স্বল্পমূল্যে মানসম্মত সেবা একমাত্র এই হাসপাতালই দিয়ে থাকে। অন্যান্য বেসরকারি হাসপাতালে রোগীদের পক্ষে এ সেবা নেওয়া সম্ভব না। রোগী কল্যাণের এ ধারাবাহিকতায় এবার আদ-দ্বীনে এ ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে।

দরিদ্র মানুষের ডায়ালাইসিস সেবা ঘিরে হাসপাতালের মালিক ডা. শেখ মহিউদ্দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক বলেন, ‘এটা এককালীন কোনো চিকিৎসা না। দীর্ঘমেয়াদি চিকিৎসার বিষয়। যে রোগীর ডায়ালাইসিস করতে হয়, তার হয় তো সারাজীবন ডায়ালাইসিস করে কিডনি ভালো রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ না তার পক্ষে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হয়। যেহেতু এটি দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ব্যয়বহুল। সেজন্য হাসপাতালের মালিক ডা. শেখ মহিউদ্দিন চিন্তা করলেন, কোনো রোগী যেন এর অভাবে মারা যান। আর এ চিন্তা থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে।’

অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, এরই মধ্যে ত্রিশ জনকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। এ পর্যন্ত তালিভুক্ত হয়েছেন শতাধিক রোগী। পর্যায়ক্রমে তাদেরকে সবাইকে সেবার আওতায় আনা হবে।

‘প্রায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হলেও মানের বিষয়ে আমরা আপোষ করিনি। জার্মানির উন্নত মেশিনেই ডায়ালাইসিস করা হচ্ছে’, যোগ করেন তিনি। 

একই সঙ্গে সাধারণ রোগীদের জন্যও এখানে ডায়ালাইসিসের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, সেটা অন্যান্য বেসরকারি হাসপাতালের চেয়ে কম মূল্যেই হয়।

অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা বঞ্চিত হয়ে মারা না যায়, সেজন্য আদ্-দ্বীন হাসপাতালের ন্যায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক।

এদিকে অত্যাধুনিক মেশিনারিজ ও পরিচ্ছন্ন পরিবেশে স্বল্প মূল্যে মানসম্মত চিকিৎসা পেয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ রোগী ও স্বজনরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক