ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আল-আমিনের গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। সেখানে তাঁর জানাজা শেষে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পারভীন আখতার জেমি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা জামাল বলেন, ‘তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। সে তীব্র জ্বরে ভুগছিল। বিশ্ববিদ্যালয় থেকে লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।’
বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল আবেদ গণমাধ্যমকে বলেন, ঈদের পর গ্রামের বাড়ি বগুড়া থেকে ঢাকা চলে আসেন আল-আমিন। দু–তিন দিন ধরে তাঁর জ্বর ছিল। বুধবার হঠাৎ জ্বর বাড়লে মেসের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই আল-আমিন মারা যায়।
প্রচণ্ড জ্বরের কথা উল্লেখ করে গত ৮ সেপ্টেম্বর ফেসবুকে নিজের টাইলাইনে এক পোস্টে আল-আমিন বলেন, ‘জ্বর ১০৪ ডিগ্রি, ঠাণ্ডা, কাঁশি। সবার দোয়া কামনা করছি।’