নিখোঁজ ডা. অমিত রায়ের লাশ উদ্ধার করলো জেলেরা
মেডিভয়েস রিপোর্ট: নৌ-দুর্ঘটনায় নিখোঁজ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল খিরু নদীতে স্থানীয় জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।
মঙ্গলবার বিকেলে নৌকা ভ্রমণে বের হন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা। রাত পৌনে ৮টার দিকে উপজেলার উড়াহাটি এলাকায় খিরু নদীতে বালুভর্তি ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে ডা. অমিত নিখোঁজ হন, আহত হন অনেকেই। এর পর থেকেই নিখোঁজ ছিলেন ডা. অমিত কুমার রায়।
এরপর আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ শুরু করেন স্থানীয় জেলেরা। দুপুরে চিকিৎসক অমিতের খোঁজে স্থানীয় খিরু নদীতে জাল ফেলেন তারা। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে আধ কিলোমিটার দূরে তার নিথর দেহ জেলেদের জালে উঠে আসে।
ডা. অমিত সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা এ নবীন চিকিৎসকের বাড়ি গাজীপুর জেলায়।
দুর্ঘটনায় একই স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহদী হান্নান ও ডা. হাসিন ইশরাক পাবনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে বালুভর্তি ট্রলারের ধাক্কায় নৌডুবিতে নিখোঁজ ডা. অমিত কুমার রায়ের লাশের সন্ধান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। সকালে তাঁর লাশের সন্ধান মিলেছে বলে দাবি করেন স্থানীয় একজন শিক্ষক। তবে এর কিছুক্ষণ পর স্থানীয় প্রশাসন ও ফায়ার বিগ্রেড সূত্র জানায়, এখনো নিখোঁজ ওই চিকিৎসকের সন্ধান মেলেনি। তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এর কয়েক ঘণ্টা পর ওই মেডিকেল অফিসারের লাশের সন্ধান পান স্থানীয় জেলেরা।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬