তিন ডোজ টিকা গ্রহণের দাবি করা ব্যক্তি অপ্রকৃতিস্থ: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে একই সময়ে করোনাভাইরাসের তিন ডোজ টিকা গ্রহণের দাবি করা ব্যক্তি অপ্রকৃতিস্থ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার (৩১ জুলাই) বিএসএমএমইউতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সেই লোকটার (ওমর ফারুক) সঙ্গে আমরা কথা বলেছি। তার একটু ব্রেইনে সমস্যা আছে। তার সঙ্গে তার মাও এসেছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, কেউ কেউ ইনজেকশন নেওয়ার পর ভয় পেয়ে যান। হয় তো সেই আতঙ্ক থেকেই সে সাংবাদিকদের কী বলেছে এটা তার মনে নেই। তার হাতটা আমার প্রোভিসিও দেখেছেন। একটার বেশি কোনো চিহ্নও নাই। সে বলেছিল, এক হাতেই নাকি তিনটা ইনজেকশন নিয়েছিল। সে চাইলে তো দুই হাতেও নিতে পারতো। সুতরাং কথা-বার্তায় সে বেসামাল। সে তিনটি ভ্যাকসিন নিলে তো তিনটি কাগজও থাকতো। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, সে একটি টিকা গ্রহণের পর একই জায়গায় সই করেছে।’
এ ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে টিকাবিরোধী কার্যক্রমে জড়িতদের ভূমিকা থাকতে পারে আশঙ্কা করে তিনি বলেন, ‘এটি সরকারকে বিব্রতকর করার মতো একটি পরিস্থিতি তৈরি করতে চেয়ে অ্যান্টিভ্যাকসিন প্রচারণার অংশ হতে পারে।’
অনেকেই অ্যান্টিভ্যাকসিন প্রচারণায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘কিছু দিন আগে একটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এই ভ্যাকসিন হয় তো মুরগীর টিকা হতে পারে, এখানে পানি থাকতে পারে, ইত্যাদি। সময়ের ব্যবধানে তারাও টিকা নিয়েছেন। এখনো কিছু কিছু জায়গায় এই ধরনের বক্তব্য চলছে। যেমন: একজনের তিনটি ভ্যাকসিন গ্রহণের সংবাদ। খবর নিয়ে জানা গেছে তিনি এক ডোজ টিকাই গ্রহণ করেছেন। সুতরাং সবাইকে ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে হবে। ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই। আমরা মাস্কও পরবো, ভ্যাকসিনও গ্রহণ করবো।’