সিনিয়র সচিব হলেন স্বাস্থ্যের লোকমান হোসেন
মেডিভয়েস রিপোর্ট: পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আজ বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত কর্মকর্তাকে সরকারের সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক তাঁর নামের পাশে উল্লেখিত কর্মস্থলে পদায়ন করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
লোকমান হোসেনের বর্ণাঢ্য জীবন
লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
লোকমান হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের জিএম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদি জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডেপুটি ডিরেক্টর, ঢাকা সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর ও আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ভূমিসহ সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
২৪ অক্টোবর ২০১৯ সাল থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। সেখান থেকে চলতি বছরের এপ্রিলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।