১০ জুন, ২০২১ ০৬:০৯ পিএম

ঢামেকহায় র‌্যাবের অভিযান, ২৪ দালালকে এক মাস করে সাজা

ঢামেকহায় র‌্যাবের অভিযান, ২৪ দালালকে এক মাস করে সাজা
ঢামেক হাসপাতালে আটক ২৪ দালাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে সক্রিয় ২৪ দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 

অভিযান শেষে তিনি জানান, ‘সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত দালালরা ঢামেক হাসপাতালে আসা নিরীহ রোগীদের সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও খ্যাতনামা অধ্যাপকদের দিয়ে দ্রুত অস্ত্রোপচারের সুব্যবস্থা করে দেয়ার কথা বলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত।’

তিনি আরও জানান, ‘তবে যেসব বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যায় দালালরা, সেখানে চিকিৎসা সেবার মান অত্যন্ত নিম্ন। ভালো চিকিৎসা পায়নি বলে অনেক ভুক্তভোগী ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেছে। যেসব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি, সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

আটক ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতালগুলোতে এ ধরনের দালাল চক্রের দৌরাত্ম ঠেকাতে র‍্যাব কাজ করে যাচ্ছে এবং অভিযোগ পেলে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ম্যাজিস্ট্রেট পলাশ কুমার।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং কর্তব্যরত আনসার সদস্যরা এ দালালচক্রের পরোক্ষ পৃষ্ঠপোষকতা প্রদান করছে। তারা দালালচক্রের থেকে নিয়মিত টাকা নিয়ে হাসপাতালে ঘুরে বেড়ানোর সুযোগ করে দেন। 

এ অবস্থায় হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, অভিযানে হাসপাতালের কার্যক্রমের গতিশীলতা আরও বাড়বে। একইসঙ্গে দালালচক্রের সঙ্গে হাসপাতালের কোন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক