এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, বসছে ১২২৮৭৪ শিক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু।
এমবিবিএস ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সকাল থেকে ১৯টি মেডিকেল কলেজের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি এসে প্রশ্নপত্র নিয়ে গেছেন।
আর ঢাকার বাইরের ৪০টি ভেন্যুর জন্য প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর ১৫টি ভেন্যুর প্রশ্নপত্রও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অধ্যক্ষ বা তার প্রতিনিধি গ্রহণ করে তা সিলগালা করে রেখে গেছেন। আজ শুক্রবার সকালে এসে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে গেছেন।
আজ সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হয় এবং সকাল ১০টায় গেট বন্ধ করে দেওয়া হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবহনের সংকট এড়াতে পরীক্ষার্থীদের সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ বাহিনী, গোয়েন্দা শাখা, শিক্ষা বিভাগ ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল শাখা সমন্বিতভাবে কাজ করবে এবং পরীক্ষা কেন্দ্রে ও কেন্দ্রের আশপাশে এলাকার স্বাস্থ্যবিধি বজায় রাখবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে একটি করে আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। এবারই প্রথম পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীদের জরুরি চিকিৎসা প্রদানে অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মাস্ক পরে আসা বাধ্যতামূলক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে এবং এক ঘণ্টা পরীক্ষার পুরো সময় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক পরে আসার বাধ্যবাধকতার বিষয়টি পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ করা আছে। তবুও কেউ ভুল করে মাস্ক পরিধান করে না আসলে পরীক্ষা কেন্দ্র থেকে মাস্ক সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে দূরত্ব বজায় রেখে বসবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার সময় নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি।
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা যেন শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রের বাইরে অবস্থান করতে পারেন, সেজন্য তাদের বসার ব্যবস্থাও সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা করবেন বলে জানা গেছে।
গতবারের তুলনায় দ্বিগুণ পরীক্ষার্থী
গতবারের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭২ হাজার। আর এ বছর ভর্তি পরীক্ষার্থী সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন। পাশাপাশি এ বছর করোনার কারণে সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে। একই সাথে কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ও কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে থাকবে বিশেষ নজরদারি।
বেড়েছে আসন সংখ্যা
চলতি শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তিতে আরো ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে এ বছর প্রতি আসনে লড়বে ২৮ জন পরীক্ষার্থী।