চিকিৎসকদের গবেষণা প্রকল্পের আহ্বান বিএসএমএমইউর
মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ অর্থ বছরে অর্থ ছাড়ের জন্য চিকিৎসকদের গবেষণা প্রকল্পের আহ্বান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকগণকে (ছাত্র-ছাত্রী ব্যতীত) গবেষণা কার্যে সহায়তা করার লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা মঞ্জুরি খাত থেকে গবেষণা মঞ্জুরি প্রদানের নিমিত্ত আগামী ’২০ মার্চের মধ্যে (অফিস চলাকালীন) সভাপতি, শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি কমিটি ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) বরাবর গবেষণা প্রকল্প প্রস্তাব আহ্বান করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘গবেষণা প্রকল্প প্রস্তাবের বাজেট, গবেষণা প্রস্তাবের মান, আনুষাঙ্গিক বিষয় সংশ্লিষ্ট কমিটি কর্তৃক মূল্যায়ন ও সুপারিশ এবং কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গবেষণার অনুমতি ও আর্থিক অনুদান প্রদান করা হবে। একইসঙ্গে প্রেরিত ছক অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আগামী ২০ মার্চের মধ্যে তিন কপি পূর্ণাঙ্গ গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’
যে সকল শিক্ষক ও চিকিৎসককে গবেষণা প্রকল্পের জন্য পূর্বে অনুদান প্রদান করা হয়েছে এবং সে সকল শিক্ষক ও চিকিৎসক কর্তৃক পূর্বের প্রকল্প ও ব্যয় এর চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট অফিসে জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইর সকল অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর ও চেয়ারম্যানসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।