তিনদিন কালো ব্যাজ ধারণের ঘোষণা নার্সেস সংগ্রাম পরিষদের
মেডিভয়েস রিপোর্ট: টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নার্সের সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নার্সের সংগ্রাম পরিষদ এক নীতি নির্ধারণী সভায় এ ঘোষণা দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, এ সময়ের মধ্যে তাঁদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জন্য স্বাস্থ্য ও নার্সিং পেশার মান রক্ষায় সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে।
তাঁরা আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব শর্ত পূরণ করে মেডিকেল শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ পায়। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ দায়িত্ব পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্ট হচ্ছে।
এ সময় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নির্ধারিত ব্যাচেলর অব সায়েন্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের গত ৫ ফেব্রুয়ারির নির্ধারিত কম্প্রিহেনসিভ পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করায় তীব্র প্রতিবাদ জানান নার্স নেতরা।
নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো- টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না, পরিবার কল্যাণ পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না এবং গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করা।
নার্সেস সংগ্রাম পরিষদ প্রধান এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আজাদ, স্বাধীনতা নার্সেস পরিষদের ঢামেক হাসপাতাল শাখা সভাপতি নার্গিস খানম মুন্নি প্রমুখ। সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল সভা পরিচালনা করেন।