ডেন্টাল সার্জনদের ষষ্ঠ গ্রেডের অনুমোদন নিয়ে ধোঁয়াশা
মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল সার্জনদের ষষ্ঠ গ্রেডের প্রস্তাবে অনুমোদন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত খবরে দাবি করা হয়, ডেন্টাল সার্জনদের ষষ্ঠ গ্রেডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
জানতে চাইলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে মেডিভয়েসকে বলেন, ‘গতকাল (১১ ফেব্রুয়ারি) আমি মন্ত্রণালয়ে গিয়েছি। এখন পর্যন্ত এটি অনুমোদন পায়নি। গত তিন মাস ধরে এ নিয়ে কাজ অব্যাহত আছে, এটা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত অনুমোদন হয়নি। এ মাসের শেষ নাগাদ অনুমোদন পেতে পারে।’
এ নিয়ে ফেসবুকে প্রচারিত খবরটিও সঠিক নয় জানিয়ে অধ্যাপক হুমায়ুন কবির বলেন, বিষয়টি সঠিক হলে এর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের কপিও থাকতো।
এ সময় ফেসবুক থেকে এটি সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘আমরা বেশ কিছু দিন ধরেই এটা নিয়ে কাজ করছি। ডেন্টাল সার্জনদের ক্যাডারের পদোন্নতি সংকট ছিল। আগে ডেন্টাল সার্জনদের নবম গ্রেডে নিয়োগ দেওয়া হতো। এর পর তাদের কপালে পদোন্নতি জুটতো না। অর্থাৎ তারা ডেন্টাল সার্জন হয়ে চাকরিতে ঢুকে আবার ডেন্টাল সার্জন হিসেবেই অবসর গ্রহণ করতেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব অনুমোদন পেলে এখন পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নীত হতে পারবেন তারা।’
ডেন্টালের জন্য ডিজি অফিসে ডিরেক্টরের কোনো পদ ছিল না জানিয়ে তিনি বলেন, এখন সেখানে ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদ করা হয়েছে।
ডেন্টাল সোসাইটির সভাপতি বলেন, আগে পদোন্নতির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বাধ্যতামূলক থাকলেও এই সিদ্ধান্তের পর থেকে পোস্ট গ্রাজুয়েশন ছাড়াই পদোন্নতি পাবেন ডেন্টাল সার্জনরা। যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে এখন থেকে তাদের প্রসাশনিক পদে যেতে আর কোনও বাধা থাকবে না।