পাঁচ নার্সিং কলেজে দুই বছর মেয়াদি কোর্স চালুর অনুমতি
মেডিভয়েস রিপোর্ট: নার্সিং অধিদপ্তরের অধীনে পাঁচ নার্সিং কলেজে দুই বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক ইন নার্সিং এবং ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং কোর্স চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে বর্ণিত পাঁচটি নার্সিং কলেজে দুই বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক ইন নার্সিং এবং ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং কোর্স চালুকরণের নিমিত্তে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, রাজশাহী নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ। প্রত্যেক কলেজকে দুই বিভাগে ১০টি করে মোট ২০ আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।