এমবিবিএস থার্ড প্রফ পরীক্ষা ২৪ জানুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে স্থগিত হয়ে যাওয়া এমবিবিএস থার্ড প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। এর আগে গত মে মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার নবী আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত মে ২০২০ তারিখের এমবিবিএস পরীক্ষাটি আগামী জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৪ জানুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস নির্ধারণ করেছে। নির্ধারিত তারিখ হয়তো দুই একদিন পেছানো হতে পারে। তবে স্থগিত বা বাতিলের সম্ভাবনা নেই।’
এর আগে ১৫ ডিসেম্বর ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস তৃতীয় প্রফেশনাল লিখিত পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য প্রেরণ করা হলো। এটি সাইক্লোস্টাইল করে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের কাছে এটি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক মেডিকেল কলেজে জানুয়ারির ২৪ তারিখ ফার্মকোলজি, ২৬ তারিখ প্যাথলজি এবং ২৮ তারিখ মাইক্রোবায়োলজির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।