করোনা: চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের দৈনিক ভাতা শিগগিরই
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী খুব শিগগিরই দৈনিক ভাতা পেতে যাচ্ছেন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে মন্ত্রণালয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ঢাকার বাইরে কয়েকটি জেলার জন্য ইতোমধ্যে বরাদ্দও চলে এসেছে।
গত ২৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক পরিপত্রে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত যেসব সরকারি চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাদের সবাইকে নির্দিষ্ট হারে দৈনিক ভাতা প্রদান করা হবে।
এ বিষয়ের অগ্রগতি নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও এমআইএসের পরিচালক ডা. হাবিবুর রহমানের সাথে কথা হয় মেডিভয়েসের। তিনি মেডিভয়েসকে বলেন, সরকারি চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের দৈনিক ভাতা খুব অল্প সময়ের মধ্যে তারা পেয়ে যাবেন।
ডা. হাবিবুর রহমান বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ বিভাগের কাছে ৩১টি জেলা হাসপাতালের বাজেট এসেছে। এখন তাদের কর্মকর্তাদের রোস্টারসহ অন্যান্য যে হিসাব রয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সুতরাং ওইসব হাসপাতালগুলো এখন আবেদন করলে আমরা টাকা দিয়ে দিতে পারবো।
তিনি বলেন, এ প্রক্রিয়াটি যেহেতু শুরু হয়েছে। সুতরাং এখন থেকে দ্রুত এ বিষয়টি সমাধান হয়ে যাবে।
তবে ঢাকার বাইরের জেলা গুলোর হাসপাতালের জন্য বাজেট আসলেও রাজধানীতে করোনার জন্য যেসব ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেগুলোর জন্য কোনও বাজেট এখনও আসেনি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও এমআইএসের পরিচালক ডা. হাবিবুর রহমান।
তবে ডেডিকেটেড হাসপাতালগুলোর জন্য খুব দ্রুত বাজেট চলে আসবে বলেও জানান তিনি।
এছাড়া প্রণোদনার বিষয়ে তিনি বলেন, সরকার ঘোষিত প্রণোদনার বিষয়টি মন্ত্রণালয় দেখছে। তবে এটিরও বেশ ভালো অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সে বিষয়েও কার্যক্রম চলছে।
এদিকে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রণোদনা হিসেবে অতিরিক্ত দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে গত ৯ জুলাই একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ বিষয়ে তিনি বলেন, বিষয়িটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ চলছে। এ মূহুর্তে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরি হয়ে গেলে এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সুতরাং এটিও খুব অল্প সময়ের মধ্য স্বাস্থ্যকর্মীরা পেয়ে যাবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও এমআইএসের পরিচালক ডা. হাবিবুর রহমান।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আবাসিক হোটেলের বিল পরিশোধ না করার সিদ্ধান্ত জানিয়ে গত ২৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওই পরিপত্রে বলা হয়েছিল, যেসব স্বাস্থ্যকর্মী হোটেলে অবস্থান করবেন, তাদেরকে নিজ খরচে অবস্থান করতে হবে। আর্থিক নীতি অনুসরণ করে পরবর্তীতে তাদের নির্ধারিত ভাতা প্রদান করার কথা বলা হয় ওই পরিপত্রে।
এক্ষেত্রে ঢাকা মহানগর এলাকার চিকিৎসকরা প্রতিদিন ভাতা হিসেবে পাবেন ২ হাজার টাকা করে। এছাড়া নার্সরা পাবেন ১ হাজার ২০০ টাকা ও অন্য স্বাস্থ্যকর্মীরা ৮০০ টাকা করে পাবেন।
এছাড়া ঢাকা মহানগরের বাইরে দেশের অন্যান্য এলাকার চিকিৎসকরা ১ হাজার ৮০০ টাকা, নার্সরা ১ হাজার ও অন্য স্বাস্থ্যকর্মীরা ৬৫০ টাকা করে দৈনিক ভাতা পাবেন।
পরিপত্রে বলা হয়েছিল,স্বাস্থ্যকর্মীদের কেউই টানা ১৫ দিনের বেশি দায়িত্ব পালন করবেন না। দায়িত্ব পালনের পরবর্তী ১৫ দিন তারা নিজ ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকবেন। অন্যদিকে নিজ ব্যবস্থাপনায় থাকতে না চাইলে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে খাবারসহ আবাসনের সুবিধা পাবেন।