করোনায় চক্ষু বিশেষজ্ঞের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. এ বি এম মাকসুদুস সালেহীন।
শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশননের (বিএমএ) আজীবন সদস্য ডা. মাকসুদুস সালেহীন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন মমেক ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
তাঁর ছোট ভাই ডা. এ বি এম মাকসুদুল হক নয়ন একই মেডিকেলের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ছিলেন।
মৃত্যুকালে সন্তান-সন্ততি, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. মাকসুদুস সালেহীন।
এ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা বলেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’
শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।