পেছালো ডিসেম্বরের প্রফেশনাল পরীক্ষা
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পেছানো হয়েছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় এমবিবিএস শিক্ষার্থীদের দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষা। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রোবববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এক অনলাইন মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী সন্ধ্যায় মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমার কাছে এলে তাদের দাবিটা জানতে চাই। তাদেরকে বলেছি, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তারা পরীক্ষা দেওয়ার বিষয়ে পুরোপুরি সম্মত। কারণ পরীক্ষা ছাড়া পাস করলে ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হবে। এমনকি বিদেশে কোনো জায়গায় গিয়ে তারা দাঁড়াতে পারবে না। পরীক্ষা এক-দুই মাস পেছানোর দাবি করেছে তারা। আমি ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে বিষয়টি জানাই। এরই ধারাবাহিকতায় আজকের মিটিংয়ে সবাই এ ব্যাপারে সম্মত হয়েছেন। এখন সেশন জট বলে কিছু নাই। এই সংকটে কোনো রকমে পদ্ধতিটা দাঁড় করিয়ে রাখাই জরুরি, যাতে ছেলে-মেয়েদের শিক্ষা কার্যক্রম চলমান থাকে। পরীক্ষাগুলো হলে তারা পরবর্তী ধাপে এগুতে পারবে। তাছাড়া তাদের ক্লাসও শেষ, শুধু একটি পরীক্ষা বাকি। সংশ্লিষ্ট সবাই একমত পোষণ করেছেন।’
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরে অনুষ্ঠেয় দ্বিতীয় ও তৃতীয় প্রফ পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ সময়ে দুটি প্রফের পরীক্ষা নেওয়া হবে। আর ফাইনাল প্রফে যারা খারাপ করবে তারা এবং প্রথম প্রফের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।’
মিটিংয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, দুইজন অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক (মেডিকেল শিক্ষা), চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাচার্যসহ সকল বিশ্ববিদ্যালয়ের ডিন ও সরকারি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষগণ যুক্ত ছিলেন।
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম