বিশেষ অধিবেশনে যোগ দিতে পারবেন করোনা নেগেটিভ সাংবাদিকরা
মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন সংসদে প্রবেশে করতে পারেন না দেশের সাংবাদিকরা। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনে’ করোনা নেগেটিভ সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সংসদ সচিবালয়ে গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সংসদের গত তিনটি অধিবেশনে সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারেনি। তবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’যোগদিতে পারবেন সাংবাদিকরা। তবে এক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। রিপোর্টে করোনা নেগেটিভ হলেই তাঁরা সংসদে প্রবেশের অনুমতি পাবেন।
পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। প্রতিটি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিকের করোনা পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে। ৮ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। একইদিনে নেগেটিভ রিপোর্ট পাওয়া গনমাধ্যম কর্মীদের ৯ নভেম্বরের অধিবেশন কাভার করার জন্য সংসদের প্রবেশ পাস দেওয়া হবে।
সংসদ সচিবালয়ের নিজস্ব উদ্যোগে সকলের নিরাপত্তা স্বার্থেই এ পরীক্ষা করানো হবে বলেও জানিয়েছে তারেক মাহমুদ।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৪ নভেম্বর এ অধিবেশন শুরু হবে। এরপর ৯ অক্টোবর সংসদে স্মারক বক্তৃতা দিবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওইদিন অধিবেশন কক্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথিকে প্রবেশের অনুমতি ও আমন্ত্রণ জানানো হবে।