করোনায় আরও ২৩ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৮৬১ জনে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যারেটরিতে ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৫৭টি নমুনা। পরীক্ষায় আরও এক হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ তিন হাজার ৭৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬১০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জনে।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২দশমিক ৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৩ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী চারজন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫১৩ জন (৭৭ দশমিক শূন্য এক শতাংশ) এবং নারী এক হাজার ৩৪৮ জন (২২ দশমিক ৯৯ শতাংশ)।