মেডিভয়েসের প্রধান উপদেষ্টার মৃত্যুতে শোক
মেডিকেল শিক্ষায় তাহির স্যারের অবদান অনন্য: অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
বিল্লাল হোসেন রাজু: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য, দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
সোমবার দুপুরে মেডিভয়েসকে দেয়া এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘অধ্যাপক ডা. মো. তাহির স্যারের মৃত্যুতে আমি অত্যান্ত মর্মাহত। আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি সাবলীল এবং সুন্দর আচণের অধিকারী ছিলেন। তাছাড়া তিনি শিক্ষক হিসেবে সফল একাডেমিশিয়ান ছিলেন। নিয়মিতিই পড়ালেখার চর্চা করতেন। মেডিকেল শিক্ষায় তাঁর অবদান অনন্য। বিশেষ করে বিএসএমএমইউর শিক্ষা এবং প্রশাসনিক উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন। তাঁর কৃতকর্মের জন্য আমরা তাঁকে দীর্ঘদিন মনে রাখবো। নিশ্চয়ই ওনার শিক্ষার্থীরাও তাঁকে ভুলতে পারবে না। আমি অধ্যাপক ডা. মো. তাহিরের আত্মার মাগফেরাত কামনা করছি।
প্রসঙ্গত, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার তার মৃত্যুর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর লাশ সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার বাদ এশা তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
অধ্যাপক ডা. এম এ তাহির পেশাগত জীবনে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। অলঙ্কৃত করেছেন ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর কান্ট্রি এডভাইজারের পদ। এছাড়াও বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যন্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন দেশের কিংবদন্তি এ চিকিৎসক।