চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যান্সার বিশেষজ্ঞের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাপস মিত্র আর নেই। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এ কৃতি সন্তান একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেক-৩০ ব্যাচের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাসার পানির ট্যাংখ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ডা. তাপস মিত্র। সকাল ৯টার দিকে তাঁকে নগরীর মেহেদীবাগ বেসরকারি ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি।
তিনি অল্প সময়ের ব্যবধানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রামে ব্যাপক পরিচিতি লাভ করেন। অমায়িক ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে জনসাধারণের মন জয় করে নিয়েছিলেন তিনি।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।