করোনায় ঝরলো আরও ২৩ প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৪৬ জনে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২টি নমুনা সংগ্রহ। এর মধ্যে ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ২১ লাখ ৫১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা হয়।
নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ৫। তারা সবাই হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ২ হাজার ২৯৮ জন মানুষ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণের খবর জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।