করোনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই চিকিৎসকের চিরবিদায়
মেডিভয়েস রিপোর্ট: কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন দেশের স্বনামধন্য দুইজন চিকিৎসক। তারা হলেন চট্টগ্রাম বন্দর হাসপাতালের ডেপুটি সিএমও ডা. কাউসার আহমদ মজুমদার এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মারা যান বিশিষ্ট এনেসথেশিওলজিস্ট চট্টগ্রাম বন্দর হাসপাতালের ডেপুটি সিএমও ডা. কাউসার আহমদ মজুমদার। তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডা. কাউসার আহমদ মজুমদার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছিলেন সিওমেকের ২৩তম ব্যাচের শিক্ষার্থী।
তার পুরো পরিবার কোভিড আক্রান্ত।
ডা. কাউসার আহমদ মজুমদারের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা যান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বুধবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
সূত্রে জানা যায়, মেহরপুর বিএমএ সভাপতি গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. নাসির উদ্দীন জানান, ডা. রমেশ চন্দ্র নাথ চিকিৎসা সেবায় বড় ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মরদেহ মেহেরপুর আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।
রমেশ চন্দ্র নাথ স্থানীয় রমেশ ক্লিনিকের মালিক ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা স্বাচিপ সভাপতি এম এ বাসার, বিএমএ সাধারণ সম্পাদক আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য প্রমুখ।
প্রবীন এই দুই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।