০৯ অক্টোবর, ২০২০ ০৮:৩২ পিএম

বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন সেবা চালু 

বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন সেবা চালু 

মো. মাহফুজ উল্লাহ হিমু: করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং রোগীদের ভোগান্তি দূর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর এ কার্যক্রম চালু হয়। এ প্রক্রিয়ায় আপাতত পঞ্চাশ ভাগ টিকিট দেওয়া হলেও পর্যায়ক্রমে অনলাইনে শতভাগ টিকিট দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে টিকিটের ফি জমাসহ বাকি কার্যক্রমগুলো পুরনো পদ্ধতিতে চলায় এ সুবিধা অনেকাংশই ম্লান হয়ে যাচ্ছে।

সরিজমিনে দেখা গেছে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ায় বহির্বিভাগের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে রোগীরা অনেকাংশেই মুক্তি পেয়েছেন। তবে অনলাইনে টিকিট দিলেও এর অর্থ জামাদানের জন্য রোগীদের লাইনে দাঁড়াতে হচ্ছে। একই অবস্থা নানাবিধ পরীক্ষা ও তার ফি জমাদানের ক্ষেত্রে। ফলে রোগীদের ভোগান্তি থেকেই যাচ্ছে। 

জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন মেডিভয়েসকে বলেন, ‘করোনায় সকলের সুরক্ষার কথা বিবেচনা করে ও হাসপাতাল ডিজিটালাইজেশনের অংশ হিসেবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা হয়েছে। তবে দেশের একটা জনগোষ্ঠী এখনও অনলাইনের বিষয়ে জানে না। তাদের কথা বিবেচনা করে শতকরা ৫০ ভাগ অনলাইন ও ৫০ ভাগ সরাসরি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তা শতভাগে উন্নীত করা হবে।’

তবে অনলাইনে টিকিট প্রদান করা শুরু হলেও অর্থ জমাসহ বিভিন্ন পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টের জন্য পুনরায় লাইনে দাঁড়াতে হচ্ছে, যা রোগীদের জন্য আরেকটি ভোগান্তির কারণ। এ সমস্যা নিরসনে পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইনে অ্যাপয়েন্ট চালুর পর বাকি সমস্যগুলোর বিষয়েও ভাবা হচ্ছে। অনলাইনে অর্থ জমা দানের ব্যবস্থা করার লক্ষ্যে কাজ চলমান আছে। এ বিষয়ে ইতোমধ্যে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের সাথে কথা বলা হয়েছে। বাকি সেবাগুলোও অনলাইনের আওতায় আনা হবে।’

এর আগে বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদান সহজতর করা এবং করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ১০ সেপ্টেম্বর বহির্বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এর মাধ্যমে সরাসরি টিকেট কেটে সিরিয়াল নেওয়ার পাশাপাশি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মাধ্যমে সিরিয়াল গ্রহণ কার্যক্রম শুরু হয়।

সূত্রে জানা গেছে, অনলাইনে সিরিয়াল নেওয়ার জন্য নির্ধারিত দিনের একদিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd থেকে সিরিয়াল গ্রহণ করা যাবে। অনলাইন টিকিটপ্রাপ্তরা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানা গেছে।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক