যুক্তরাষ্ট্রে পানিতে মগজ খেকো অ্যামিবার সন্ধান
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। স্থানীয় সময় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরবরাহের পানিতে এর সন্ধান মেলে। এ ঘটনায় টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে আটটি শহরে সতর্কতা জারি করা হয়েছে।
এ তথ্য তুলে ধরে শনিবার (২৬ সেপ্টেম্বর) সিএনএন’র খবরে বলা হয়েছে, এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়।
দ্য টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সবাইকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পানিতে অ্যামিবা পাওয়া গেছে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে পাকিস্তানে ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এই অ্যামিবার সন্ধান পাওয়া যায়। ২০১২ সালে দেশটিতে এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়।
অ্যামিবার উপস্থিতির কারণে টেক্সাসে নিজেদের পরিবেশিত পানি ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রাযোস্পোর্ট ওয়াটার অথরিটি।
সিএনএন বলছে, এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’কে বিজ্ঞানীরা ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে।
এছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে। টেক্সাসের পানিতে অ্যামিবার সন্ধান পাওয়ার পর সেখানকার লেক জ্যাকশন, ফ্রিপোর্ট, এনগ্লিটন, ব্রাজোরিয়া, রিচউড, ওস্টার ক্রেক, ক্লুট, রোজেনবার্গ শহরে এরইমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।
এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনও উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথাব্যথা, ঘাড়ব্যথা, জ্বর ও পেটব্যথা।
ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এরমধ্যে মাত্র চার জন বাঁচতে পেরেছেন!
১৯৬২ সাল থেকে ফ্লোরিডায় অ্যামিবার ৩৭টি ঘটনার কথা শোনা গেছে। মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলছেন বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা।
জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল গবেষণা
ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিংয়ে প্রথম চবি
জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল গবেষণা
ঢাবিকে পেছনে ফেলে সিমাগো ইনস্টিটিউশন্স র্যাঙ্কিংয়ে প্রথম চবি
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস