৩১ অগাস্ট, ২০২০ ০৯:৩৪ পিএম

গণস্বাস্থ্যের করোনা ল্যাব-প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 

গণস্বাস্থ্যের করোনা ল্যাব-প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (৩১ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতালসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ দুপুর ১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে বলেন, আপনাদের অনুমোদন নেই এবং আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন।’

এর পরও কার্যক্রম চালু রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এছাড়া আরপিটিসিআর ফর কোভিড ১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। 

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা মেডিভয়েসকে বলেন, ‘তাদের লাইসেন্স নেই। তাদের আরটি-পিসিআর ল্যাবে টেস্ট ও প্লাজমা সেন্টারে থেরাপি দিচ্ছে। এর কোনো অনুমোদন নেই। বিষয়টি জানতে পেরে তাদের ফোন করলাম। তারা প্রথমে অস্বীকার করলো। লাইসেন্স না থাকায় আমরা তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলেছি। অন্যথায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণস্বাস্থ্য কেন্দ্র
  এই বিভাগের সর্বাধিক পঠিত