গণমাধ্যমকে দূরে রাখলে উন্নয়ন কাজের প্রচার হবে না: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: গণমাধ্যমকে দূরে রেখে কোনো কাজ সম্পন্ন করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় প্রায় ৫ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারির ঘটনায় দুঃখ প্রকাশ করেন অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। এই অভিযোগ শুনলাম। এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি তাহলে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’
দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী উল্লেখ করে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ জানবে না। আমরা যতই তুলে ধরি, জনগণ তা বিশ্বাস করবে না। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ করবো, আপনি মিডিয়ার সঙ্গে থাকেন। তাদের কাজ করতে সহযোগিতা করেন। আপনাকে অনুরোধ করে গেলাম, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
অধ্যাপক খুরশীদ আলম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসায় ভালো কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভালো। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে একটু কমলেও বেশ ভালো হয়েছে।
তিনি আরও বলেন, ‘করোনা টিকার নির্দেশনা প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিষ্কার হলে বাংলাদেশ যাতে সঙ্গে সঙ্গে পায় সেই হোমওয়ার্ক আমরা করছি। টিকা আবিষ্কার হলে আমরাও পাবো।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
-
১১ ঘন্টা আগে
-
০৪ জুন, ২০২৬
-
০২ জুন, ২০২৬
-
০১ জুন, ২০২৬
-
২৪ মে, ২০২৬
-
২৩ মে, ২০২৬
-
২২ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬