২৭ জুলাই, ২০২০ ০৯:০৭ পিএম

মহামারী সামাল দেওয়ার পরই দুর্নীতি দমন: স্বাস্থ্য মহাপরিচালক 

মহামারী সামাল দেওয়ার পরই দুর্নীতি দমন: স্বাস্থ্য মহাপরিচালক 

মেডিভয়েস রিপোর্ট: চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণের পরই স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনে মনোযোগ দিতে চান সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ফেরাতে সবার সহযোগিতা চাইলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার (২৭ জুলাই) অনলাইনে প্রথম সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য খাত ঘিরে অনেক দুর্নীতির অভিযোগ, পাশাপাশি করোনোভাইরাস মহামারিও চলছে। কোনটা আগে নিয়ন্ত্রণে প্রাধান্য পাবে? এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘আমার প্রথম কাজ হবে মহামারী সামাল দেওয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে। আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারবো না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, ‘এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারবো।’

ভিআইপিসহ বিশেষ ব্যক্তিবর্গ চিকিৎসা করতে হলে দেশের বাইরে চলে যান। মহাপরিচালক এ অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ব্যক্তিগত ইচ্ছারও একটা ব্যাপার আছে। আমি আমার দেশকে কতটুকু ভালোবাসি। আমি একজন সার্জন। কিন্তু আমি আমার পিত্তথলীর অপারেশন বিদেশে করাইনি। মফস্বলে আমার বন্ধুরা যেখানে আছে সেখানে গিয়েছি। এটা মানুষের আস্থার, বিশ্বাসের ব্যাপার। এখানে যারা ভিআইপি তাদের মানসিকতার পরিবর্তন তো স্বাস্থ্য বিভাগ করতে পারবে না। এটা আপনার দেশকে আপনার ভালোবাসতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ জন কর্মকর্তাকে বদলির কারণ হিসেবে জানতে চাইলে নতুন মহাপরিচালক বলেন, এটার প্রক্রিয়া অনেক দিনের ছিল। আজ অর্ডার হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। 

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী তাঁকে দায়িত্ব দিয়েছেন। তাঁর সম্মান এবং নিজেদের সম্মানও যেন থাকে সে লক্ষ্যে কাজ করবেন। সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে চান। এছাড়া বলেন, করোনা ও বন্যার দুর্যোগ মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক সানিয়া তহমিনা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত