রংপুরে সড়ক দুর্ঘটনায় স্যাকমোর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. আরমান আলী। বুধবার (২৪ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাশেদুল ইসলাম মেডিভয়েসকে জানান, আরমান আলী বুধবার (২৪ জুন) বিকেলে মোটর সাইকেলে করে রংপুর থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকায় পৌঁছার পর পেছন দিকে থেকে যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর সেখানেই মারা যান এ স্যাকমো।
পাবনা জেলার বেড়া উপজেলার সন্তান মো. আরমান আলী ২০০৮ সাল থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
একই স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ওবায়দুল আলম মেডিভয়েসকে জানান, বুধবার রাত ১১টার দিকে পীরগঞ্জে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাঁর দাফন হওয়ার কথা।
ব্যক্তিগত জীবনে বিবাহিত এ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দুই ছেলে সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন গৃহিনী।
তাঁর মৃত্যুতে মেভিয়েস পরিবার গভীরভাবে শোকাহত।