ডা. জাহাঙ্গীর কবিরের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুজব
মেডিভয়েস রিপোর্ট: ডা. জাহাঙ্গীর কবিরের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে তাতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বুধবার (২৪ জুন) নিজের ফেসবুকে পেজে এক ভিডিওতে এ চিকিৎসক বলেন, ‘একটি ছবি ভাইরাল হয়েছে, যেটি আমার না। এটি বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হয়েছে। এসব পোস্টে বলা হয়েছে, আমি নাকি অসুস্থ হয়ে আইসোলেশনে আছি; প্রচণ্ড শ্বাস কষ্ট হচ্ছে। ...আলহামদুল্লিাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। কোনো সমস্যা নেই। আমি আজকে সারাদিন রোগী দেখছিলাম। আমার মনে হলো, এ বিষয় নিয়ে কথা বলা দরকার। কারণ এটি অনেক ভাইরাল হয়ে গেছে।’
তিনি বলেন, ‘একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন, এটি আমার ছবি না। আর ডা. জাহাঙ্গীর কবির বাংলাদেশে একজন তাও না। এ নামে বাংলাদেশে অনেক ডাক্তার আছেন। হতে পারে এটা অন্য কেউ হবেন। এর মাধ্যমে শুধু নষ্ট হয়।’
সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেওয়া এ চিকিৎসক বলেন, ‘অনেকে আমার মাকে ফোন দিয়ে আমার অসুস্থতার খবর দিয়েছেন। এতে তিনি কান্নাকাটি করেছেন। অনেকে আবার আমাকে ফোন দিচ্ছেন, বন্ধ-বান্ধব ফোন দিচ্ছেন। অনেক সাংবাদিক ফোন দিচ্ছেন। বিভিন্ন টিভি চ্যালেন থেকে ফোন আসছে।’
এ ধরনের বিষয়ে আরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন ডা. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘গতকাল আমি বলেছি, যারা আমার নাম দিয়ে বিভিন্ন ছবি ব্যবহার করছেন। আমার নামে ফেসবুকে গ্রুপ চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের নামে জিডি করেছি, এর অনুলিপি সবার কাছে পৌঁছে দিয়েছি।’
স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শে তাঁর কথা মনে করে কেউ যেন প্রতারিত না হন—সে দাবির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডা. জাহাঙ্গীর।
শুভাকাঙ্খীদের কেউ কেউ এটি শেয়ার করায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের উচিত আমার নির্ভরযোগ্য পেজে দৃষ্টি রাখা, যেখানে ১.৩ মিলিয়ন ফলোয়ার ও দশ লাখেরও বেশি লাইক আছে। এ ধরনের কিছু ঘটলে আমার আইডি থেকে শেয়ার করা হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না।’
ভিডিওতে সুস্থতার জন্য সবার দোয়া চাওয়ার পাশাপাশি এ ধরনের গুজব থেকে আরও সতর্ক থাকার আহ্বান জানান ডা. জাহাঙ্গীর কবির। একই সঙ্গে তাঁর অসুস্থতার খবর দিয়ে করা পোস্টগুলো ডিলিট করে দেওয়ারও আহ্বান জানান তিনি।
নিজের সুস্থতার খবর নিশ্চিত করে ডা. জাহাঙ্গীর কবিরের ওই ভিডিওটি পোস্ট করার ১ ঘণ্টার মধ্যে প্রায় চার হাজার ছয়শতবার শেয়ার হয়। এ সময়ের মধ্যে এটি দেখেন ১ লাখ চুরাশি হাজার ব্যক্তি, আর প্রায় ২৫ হাজার ব্যক্তি প্রতিক্রিয়া দেখান। কমেন্ট পড়ে চার হাজারেরও বেশি।
প্রসঙ্গত, সেলিম ইসলাম খান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে এক পোস্টে লেখেন, ‘প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে আছেন সকলের প্রিয়মুখ ডা. জাহাঙ্গীর কবির। যার ভিডিওর মাধ্যমে উপকৃত হতেন হাজার হাজার মানুষ তিনি আজ নিজেই অসহায়!’

-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪