ইউনিভার্সেল মেডিকেল ও জুডিশিয়াল সার্ভিসের মধ্যে স্বাস্থ্য চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) মধ্যে এক দ্বিপক্ষীয় স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি এ চুক্তি সম্পন্ন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
এর ফলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পাবেন। চুক্তির আওতায় এক্সিকিউটিভ হেলথ চেকআপ ও কার্ডিয়াক হেলথ চেকআপসহ জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা জেলা জজ মো. হেলাল চৌধুরী এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের অনুপ্রেরণায় এই দ্বিপক্ষীয় স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেইনিং ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম কিবরিয়া এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম।
এ সময় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী, সিনিয়র ম্যানেজার একেএম সাহেদ হোসেন এবং সিনিয়র করপোরেট এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন।