চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. মোস্তফা খালেদ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বর্তমান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের অসুস্থতাজনিত অনুপস্থিতিকালীন সময়ের জন্য সাময়িকভাবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, আদেশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নতুন দায়িত্বপ্রাপ্ত ডা. মোস্তফা খালেদ আহমদ গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের আদেশের বিষয়ে তিনি অবগত হয়েছেন। আজ বুধবার (২৭ মে) থেকেই অফিস করবেন তিনি।